নির্বাচন নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে :জাসদ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৪৯
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকল অনিশ্চয়তার অবসান হয়েছে। সমগ্র জাতির সাথে তারাও আশা করেন, বিরোধী দল প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও আন্তরিকতার মূল্য দিয়ে অশান্তি ও সংঘাতের পথ পরিহার এবং শান্তি-সমঝোতা-আলোচনার পথ গ্রহণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করেন। তারা বলেন, শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার হিসাবে সর্বদলীয় সরকারের যে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন- তা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সকল অনিশ্চয়তার অবসান ঘটাতে সমঝোতার সদর দরজা খুলে দিয়েছে।