পাঁচ ফুটবল তারকা ছেলে নিয়ে রত্নগর্ভার ঈদ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২১:৫১
রত্নগর্ভা হাওয়া বেগমের সাথে তার ফুটবল তারকা পাঁচ ছেলে লিটন, শাকিল, এমিলি, এমেকা আর সাব্বির ঈদ করেছেন গ্রামের বাড়িতে। দক্ষিণের ফুটবল কিংবদন্তি জলু সরদারের মেয়ে হাওয়া বেগমের সন্তান জাতীয় ফুটবল তারকা জাহিদ হাসান এমিলি আর শাকিল আহমেদ এবং লিটন খান, ফয়সল আহমেদ এমেকা আর সাব্বির আহমেদ দাপিয়ে বেড়ান ঢাকার মাঠ। সবাই খেলেন প্রথম বিভাগে, স্ট্রাইকার এমিলি ও এমেকা এবার খেলছেন মোহামেডানে মিড ফিল্ডার লিটন ব্রাদার্সে, মিড ফিল্ডার শাকিল-স্ট্রাইকার সাব্বির শেখ রাসেলে। মূলবাড়ী পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের উদয়কাঠিতে হলেও বাবা ঢাকার মাঠের প্রবীণ ফুটবল খেলোয়াড় ইদ্রিস সরদারের করা নতুন বাড়ি দাউদপুরে সবাই মিলিত হয়েছিলেন এবারের ঈদে। মা হাওয়া বেগম বললেন, পাঁচ ছেলেকে নিয়ে এবার তার ঈদ কেটেছে সীমাহীন খুশীতে, সাথে বড় দু’ছেলের বউ আর নাতিরা। খেলোয়াড় ছেলেদের ব্যস্ততার কারণে তাদের কাছে পান না তিনি, দেশ-বিদেশে ফুটবলে ছেলেদের সুনামে তৃপ্ত এ রত্নগর্ভা। হাওয়া বেগমের বাবা জলু সরদার, স্বামী ইদ্রিস সরদার, ভাই হাই সরদার ও রশীদ সরদার। সবাই উদয়কাঠি গ্রামের নামকরা ফুটবল খেলোয়াড়। ২০০৭ এ দেশের বর্ষসেরা ফুটবল তারকা হওয়া এমিলি ভাইদের সাথে গ্রামে এসে শুধু বাড়িতেই ঈদ নিয়ে বাবা-মায়ের সাথে ছিলেন তা নয়, মেতে উঠেছিলেন সারা এলাকা জুড়ে। বড় ভাই ঢাকা ব্রাদার্সের নিয়মিত খেলোয়াড় ও সাবেক অধিনায়ক লিটন খানের হাত ধরে চার ভাই আজ ঢাকার মাঠে প্রতিষ্ঠিত, এমিলি ও শাকিল বিদেশের মাঠেও সুনামের সাথে খেলছেন জাতীয় দলের হয়ে। হাওয়া বেগমের স্বামী ইদ্রিস সরদার আশির দশকে ঢাকার মাঠে বাটা কোম্পানির টিমে খেলেছেন আক্রমণভাগে। বড় ছেলে লিটন প্রথমে নানা-মামাদের সাথে মাঠে মাঠে যেতে যেতে গ্রামে তারপর পিরোজপুর স্টেডিয়ামে স্থানীয় ব্রাদার্স দলে খেলতে খেলতে ঢাকায় গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নে অন্তর্ভুক্ত হন। লিটন জানান, এরপর একে একে ছোট চার ভাইকে ঢাকার মাঠে নিয়ে গেছেন তিনি। আজ তিনি মহাতৃপ্ত। লিটনেরই উদ্যোগে গত শুক্রবার গ্রামে ফুটবল মাঠে ও বাজারে আয়োজন করা হয় প্রীতি ফুটবল আর মানববন্ধন, কলাখালী ইউনিয়ন কল্যাণ ফোরামের ব্যানারে। মাদককে না বলুন- এ শ্লোগানকে জনপ্রিয় করতে কলাখালীর চলপুখুরিয়া কারিগরি কলেজ মাঠে ঢাকা ব্রাদার্স ইউনিয়ন ও রাজারকাঠি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার। ৪-৩ গোলে বিজয়ী হয় রাজারকাঠি। নাইজেরিয়ান ফুটবলার ডোনাল্ড ও মাইকেল বালাকসহ এমিলিরা পাঁচ ভাই এবং ঢাকা ও স্থানীয় খোলোয়াড়দের অংশগ্রহণে এ ফুটবল খেলা বিপুল দর্শক উপভোগ করেন। দাউদ বাজারে একই শ্লোগানে রচনা করা হয় মানববন্ধন। কলাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আয়োজক সংগঠনের সভাপতি স্থপতি মাহফুজুল হক জগলু, অন্যতম সংগঠক লিটন খানসহ পাঁচ ফুটবল তারকা ভাই এ মানববন্ধনে অংশ নেন এলাকাবাসীদের নিয়ে।