খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতীম কুমার নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পার্বত্য শান্তিচুক্তি বিরোধী সংগঠন পাহাড়ী সংগঠন ইউপিডিএফ-এর সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা যায়। পুলিশ হত্যার খবরটি নিশ্চিত করেছে। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাইনুদ্দিন জানান, রাতে হঠাত্ গুলির শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকায় একটি পরিত্যক্ত ব্রিকফিল্ডে নিহতের লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এ ব্যাপারে এখনো পাহাড়ী সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
