ঢাকার মিরপুর বাসিন্দাদের জন্য কোনো পৌরপার্ক নেই। রমনাপার্ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন বলে আমরা জানি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন কোনো পার্ক নেই। রমনাপার্কে যাঁরা সকাল-বিকাল ভ্রমণ করেন তাঁরা সকলেই এর আশেপাশে থাকেন। চিড়িয়াখানার পাশেই জাতীয় উদ্যান। কিন্তু এখানে সকালে ভ্রমণের জন্য গেলে ১০ টাকা দিয়ে টিকেট কিনতে হয়। আমরা যারা অবসরপ্রাপ্ত সরকারি/বেসরকারি কর্মচারী তাদের পক্ষে প্রতিদিন ১০ টাকা করে এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করা দুরূহ ব্যাপার। অবসর গ্রহণের পর অনেকেই হূদরোগে ভুগছেন। এছাড়া ডায়াবেটিস ও মানসিক চাপ নিত্যসঙ্গী। এহেন অবস্থায় চিকিত্সকের পরামর্শে প্রাতঃভ্রমণ করা বিশেষ প্রয়োজন। মিরপুরে কোনো পৌরপার্ক না থাকায় সঙ্গত কারণেই সকালে চিড়িয়াখানার পাশে জাতীয় উদ্ভিদ উদ্যান ভ্রমণের জন্য ব্যবহার করতে হয়। যদি উদ্যানটি জাতীয় হয়ে থাকে তবে প্রবেশ ফি কেন লাগবে? যাঁরা বেড়ানোর উদ্দেশ্যে চিড়িয়াখানা দেখার পর জাতীয় উদ্যানে প্রবেশ করেন তাঁদের জন্য টিকেট প্রযোজ্য হতে পারে। কিন্তু আমরা বয়স্ক যারা কেবল প্রাতঃভ্রমণের জন্য সকালে কিছুক্ষণের জন্য হাঁটতে যাই তাদের ক্ষেত্রে ১০ টাকা নেওয়া অনুচিত। তাই স্বাস্থ্যগত কারণে বয়স্ক প্রাতঃভ্রমণকারীদের জাতীয় উদ্ভিদ উদ্যানে অবাধ প্রবেশের সুযোগ করে দিতে সদাশয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আবদুল মমিন, সহকারী সচিব (অব),
বিসিএসআইআর, ঢাকা
