আগামী ২৫ অক্টোবর দুই প্রধান রাজনৈতিক দলের পল্টাপাল্টি সমাবেশ নিয়ে চরম উত্কণ্ঠার মধ্যে আজ রবিবার সকাল ছয়টা থেকে রাজধানীতে সভা- সমাবেশ, মিছিল, মানববন্ধন, লাঠি মিছিল ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে। গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেন।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী ডিএমপি কমিশনার রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, আগামী ২৫ অক্টোবরকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল পাল্টাপাল্টি সভা সমাবেশ আহবান করায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই সিন্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপিসহ ১২টি দল ও সংগঠন ২৫ অক্টোবরসহ আগের কয়েকদিনে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছিল।
এদিকে আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সংগঠনের এক সমাবেশে খালেদা জিয়ার যোগ দেয়ার কথা রয়েছে। এ সমাবেশ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে পরস্পরবিরোধী কয়েকটি দলের ঢাকা মেট্রোপলিটন এলাকায় সভা-সমাবেশের কর্মসূচি রয়েছে। সমাবেশকে সামনে রেখে বিভিন্ন গোষ্ঠী ক্রমাগত প্রকাশ্যে মারাত্মক উস্কানিমূলক ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন বক্তব্য প্রদান করে আসছেন। ফলে জনমনে অনিশ্চয়তা, ত্রাস ও আতংক সৃষ্টির প্রকৃত আশংকা দেখা দিয়েছে। এসব মিছিল, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হলে অন্তর্ঘাতমূলক কার্যক্রম ও সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যাতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা বিরাজমান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেহেতু ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২০ অক্টোবর রবিবার সকাল ৬ টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল প্রকার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, সকল প্রকার ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হল।
এছাড়াও বিজ্ঞপ্তিতে যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে/বসে কোন ধরনের সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না বলে ঘোষণা দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
ডিএমপি সূত্র জানায়, রাজধানীর সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে গতকাল ডিএমপি সদর দফতরে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনারের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমপির শীর্ষ কর্মকর্তারা, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার ও সকল থানার ওসি। বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোন ভাবেই অবনতি না হয় সে ব্যাপারে ডিএমপি কমিশনার সবাইকে সর্তকর্তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
