প্রধানমন্ত্রীর প্রস্তাব অস্পষ্ট :জাতীয় পার্টি

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:০৪
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব ‘অস্পষ্ট’ বলে উল্লেখ করেছে মহাজোটের শরিক জাতীয় পার্টি (এ)। দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন, সবার সমান সুযোগ নিশ্চিত হবে কি না- তা আরো স্পষ্ট করতে বলেছেন তারা। এ বিষয়গুলো স্পষ্ট না হলে সর্বদলীয় সরকারে জাতীয় পার্টি অংশ নেবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। গতকাল শনিবার সভাপতিমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর ভাষণে দেয়া সর্বদলীয় সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা করেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ। এইচ এম এরশাদ বৈঠকে সভাপতিত্ব করলেও সাংবাদিকদের সামনে আসেননি। বনানী কার্যালয়ে ওই বৈঠকের পর রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এসব কথা বলেন। এদিকে, প্রেসিডিয়াম বৈঠক নিয়ে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির (এ) পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে মহাজোটের কথা বলেছেন কিন্তু এ ব্যাপারে জাতীয় পার্টির সাথে কোন প্রকার আলোচনা হয়নি। ভাষণে তিনি সর্বদলীয় জাতীয় সরকার গঠনের কথা বলেছেন— কিন্তু সরকার প্রধান কে হবেন— তা বলেননি। নির্বাচনকালীন বর্তমান জাতীয় সংসদ থাকবে কি থাকবে না সে ব্যাপারেও কিছু বলেননি। এই সভা মনে করে, জাতীয় সংসদ থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের আরো বলেন, প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন তাতে সংসদ-মন্ত্রিসভা থাকবে কি না স্পষ্ট নয়। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার হলে তাতে জাতীয় পার্টি অংশ নেবে কি না জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার বলেন, অপেক্ষা করুন। সময় হলেই আমাদের অবস্থান স্পষ্ট করব। তবে এইটুকু বলতে পারি, সর্বদলীয় সরকারের প্রস্তাব প্রসঙ্গে আমাদের অবস্থান ভিন্ন। নির্বাচনকালে সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন বলে আওয়ামী লীগের একাধিক নেতার বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে জাতীয় পার্টি নেতারা তা এড়িয়ে যান। এসময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, আমাদের আজকের বৈঠক ছিল প্রধানমন্ত্রীর গতকালের ভাষণ প্রসঙ্গে। আমরা তার বক্তব্যকেই প্রাধান্য দেব, দলের অন্য কোন নেতার বক্তব্যকে নয়।