রামুর আকাশে আবার উড়ছে ফানুস

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১২
২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সহিংস ঘটনায় গত বছর রামুর বৌদ্ধ পল্লীতে পালিত হয়নি প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠান। আকাশে উড়েনি ফানুস। ভাসেনি বাঁকখালী নদীতে কল্প জাহাজ। বছর ঘুরে সমপ্রীতির মেলবন্ধনে আবার জেগেছে রামুুর বৌদ্ধ সমপ্রদায়। এ বছর দুর্গাপূজা, ঈদ-উল-আজহা ও প্রবারণা পূর্ণিমাকে ঘিরে রামুর সব সমপ্রদায়ের মানুষ হয়েছে সামপ্রদায়িক সমপ্রীতিতে উজ্জীবিত। ‘সমপ্রীতির জাহাজে, ফানুসের আলোয় দূর হোক সামপ্রদায়িক অন্ধকার’—এ শ্লোগানে জেলার রামুতে গতকাল শনিবার থেকে ২ দিনব্যাপী শুরু হয়েছে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠান। এ উপলক্ষে নতুন ১২টি বৌদ্ধ বিহারসহ উপজেলার ৩০টি বৌদ্ধ বিহারে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আজ রবিবার বাঁকখালী নদীতে জাহাজ ভাসা উত্সবের মধ্য দিয়ে শেষ হবে ২ দিনের এ অনুষ্ঠান। ভাসা উত্সবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। প্রবারণা পূর্ণিমার প্রথম দিন গতকাল ভোরে প্রভাতফেরিসহ বুদ্ধপূজা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, অষ্টশীল গ্রহণ, ধর্মালোচনা, রামু কেন্দ্রীয় সীমা বিহারে শুভ প্রবারণা শীর্ষক ধর্মসভা, হাজার প্রদীপ প্রজ্ব্বলন, ফানুস উত্তোলন ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা হয়েছে। রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া বলেন, গত বছরের ২৯ সেপ্টেম্বরের রামুর সহিংস ঘটনায় আমরা গভীর শোক ও মর্মাহত। শোককে গত ১ বছরে শক্তিতে রূপান্তরিত করে অহিংসার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আগের সামপ্রদায়িক সমপ্রীতির বিশ্বাসে ফিরে যেতে চাই। গত বছরের প্রবারণা পূর্ণিমায় আমরা ধর্মীয় আচার ছাড়া কোন আনন্দ উত্সব করিনি। প্রবারণা পূর্ণিমায় আকাশে ফানুস না উড়িয়ে ও নদীতে জাহাজ না ভাসিয়ে সহিংসতার ঘটনার আমরা নীরব প্রতিবাদ করেছি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ সেপ্টেম্বর রামুর নবনির্মিত ১২টি বৌদ্ধ বিহার উদ্বোধন করেন। এসব বিহারে এখন নিয়মিত পূজা প্রার্থনা হচ্ছে। সহিংস ঘটনার ১ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে মুসলমান ও বৌদ্ধদের মাঝে ফিরে আসছে সমপ্রীতি—এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল। এদিকে এ উত্সবকে ঘিরে ইতিমধ্যে রামু উপজেলার হাইটুপী, শ্রীকুল, রাজারকুল, চরপাড়া, উখিয়ারঘোনা, মিঠাছড়ি, হাজারীকুল, ফারিকুল গ্রামে বাঁশ, কাঠ, বেত ও কাগজে শৈল্পিক কারুকাজে অভিজ্ঞ কারিগরগণ ময়ূর, কবুতর, হাঁস, মন্দিরসহ বিভিন্ন প্রতিকৃতির আদলে দৃষ্টি-নন্দন কল্প জাহাজ তৈরি করেছে।