‘রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে’

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৩
অনির্দিষ্টকালের জন্য ঢাকা মহানগরীতে সবধরনের সভা, সমাবেশ, মিছিল বন্ধের প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেছেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের কর্মকাণ্ড সবই অগণতান্ত্রিক। সভা-সমাবেশ নিষিদ্ধের এ সিদ্ধান্ত রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে, সংকটের সমাধানেও নতুন জটিলতা সৃষ্টি করবে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এতে জনগণের সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের কর্মকাণ্ড সবই অগণতান্ত্রিক। কোন নির্দিষ্ট কারণ ঘটলে, কোন সীমাবদ্ধ জায়গায় সরকার সভা-সমাবেশ নিষিদ্ধ করতে পারে। কিন্তু এভাবে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ বন্ধ করতে পারে না। পাকিস্তান আমলে আইয়ুব খান, ইয়াহিয়া খানও করতে পারেননি। এ ব্যাপারে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল এক বিবৃতিতে বলেছেন, ঢাকা শহরে সমাবেশ নিষিদ্ধের ঘোষণা সরকারের দুর্বলতা ও ভয় পাওয়ার লক্ষণ। সরকারের এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারী ও স্বৈরতান্ত্রিক। বিবৃতিতে তিনি বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধের এ সিদ্ধান্ত রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে, সংকটের সমাধানেও নতুন জটিলতা সৃষ্টি করবে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সিপিবি ও বাসদের নিন্দা ও প্রতিবাদ সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনস্থ সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সিপিবি ও বাসদের নেতৃবৃন্দ বলেন, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ করছে। দেশকে সঙ্কট ও অনিশ্চয়তার পরিবেশ থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে, সরকার তার উল্টো পথ ধরেছে। এই গণবিরোধী সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশের চলমান রাজনৈতিক সঙ্কটকে আরো জটিল করে তুললো। সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, শামছুজ্জামান সেলিম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, জাহেদুল হক মিলু প্রমুখ।