কচুয়া উপজেলা জামায়াত আমির ও সেক্রেটারিসহ চার নেতা গ্রেফতার

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৫
নাশকতার অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারীসহ চার নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিসাখালী গ্রামে জামায়াতের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে চাঁদা আদায়ের রসিদ ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছিল বলে কচুয়া থানার ওসি দাবি করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন কচুয়া উপজেলা জামায়াতের আমির ও স্থানীয় টেংরাখালী হোসাইনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আলতাফ হোসাইন, উপজেলা সেক্রেটারী মো. রফিকুল ইসলাম, বাধাল ইউনিয়নের সভাপতি শেখ নুরুল ইসলাম এবং ধোপাখালী ইউনিয়নের সভাপতি মো. আলী আকবর। বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ দাবি করেন, ওই নেতাদেরকে দলীয় কার্যালয় থেকে পুলিশ আটক করে। বাগেরহাটে সরকার বিরোধী আন্দোলন দমিয়ে রাখতে ওই চার নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে তিনি অভিযোগ করেন।