আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শান্তির প্রস্তাব দেয়ায় পুরো জাতি এখন বিএনপির সিদ্ধান্তের অপেক্ষায়। ‘বল’ এখন বিএনপির কোর্টে। বিএনপি এখন শান্তির পথে আসবে নাকি দা-কুড়াল নিয়ে সন্ত্রাসের পথে যাবে সে সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। তবে তারা যদি ইতিবাচক সিদ্ধান্ত নেয় তাহলে আলোচনার জন্য খুব শিগগিরই দুই দলের মধ্যে চিঠি চালাচালির সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপি অংশ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল শনিবার সেগুনবাগিচাস্থ খাজা নিজামউদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘সমকালীন রাজনীতি-রাজনীতির ভবিষ্যত্’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ঈদের আমেজের সঙ্গে সঙ্গে মানুষের মনে ২৫ অক্টোবর নিয়ে যে উদ্বেগ, উত্কণ্ঠা ও আতঙ্ক ছিল প্রধানমন্ত্রীর ভাষণের পর তা নিরসন হয়েছে। এখন বিএনপির উচিত সংসদে এসে আলোচনায় অংশ নেয়া।
