কমলগঞ্জে ভুয়া দলিলে বনভূমি দখলের অভিযোগ

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৫
কমলগঞ্জে নিজের জমি দাবি করে ভুয়া দলিলে বনভূমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বনভূমি রক্ষা করতে এসে বন ভিলেজার দুই মহিলা আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকলে কমলগঞ্জ সদর ইউনিয়নের লঙ্গুরপাড় গ্রামে এ ঘটনাটি ঘটে। লঙ্গুরপাড় বনভূমিতে বসবাসরত কনা মিয়ার স্ত্রী ছবুরা বেগমের স্বামী বন বিভাগে কর্মরত ছিলেন। স্বামীর মৃত্যুর পর গত ১০-১২ বছর ধরে লঙ্গুরপাড়ে বনভূমিতে বন ভিলেজার হিসাবে বসবাস করে বনভূমি তদারকি করছেন। প্রথম দফায় ১২ জুলাই বালিগাঁও গ্রামের প্রভাবশালী জমশেদ আলী ছবুরা বেগমের ভোগ দখলকৃত বনভূমি নিজের দাবি করে সশস্ত্র হামলা চালিয়ে ২ একর ভূমি দখল করে লেবু গাছের চারা রোপণ করে। অভিযুক্ত জমশেদ আলী বলেন, ক্রয় সূত্রে দলিল মূলে এ ভূমির মালিক তিনি। নিজের ভূমিতে তিনি গাছগাছালি রোপণ করছেন। তবে জমশেদ আলীর কাছে রক্ষিত ১৯৭৪ সনের ১৭ জুনের সম্পাদিত দলিল নম্বর ২৪০৭ পর্যালোচনা করে দেখা যায়, ৩০ টাকা মূল্যের একটি ও ১০ টাকা মূল্যের দুইটি মোট ৫০ টাকা মূল্যের স্ট্যাম্পের একটি দলিলের জমি লঙ্গুরপাড় গ্রামে নয়। এ দলিলে উল্লেখিত জমি কমলগঞ্জ সদর ইউনিয়নের বনভূমি সংলগ্ন সরইবাড়ি গ্রামে। লাউয়াছড়া বনরেঞ্জ (বন্যপ্রাণী) কর্মকর্তা মরতুজ আলী বলেন, লঙ্গুরপাড়ের এ জমির মালিক বন বিভাগ জমশেদ আলীর দলিল সম্পূর্ণরূপে ভুয়া।