মনোহরদী-বেলাব আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ড. রইসউদ্দিন

আপডেট : ১৯ অক্টোবর ২০১৩, ২৩:১৬
বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক শিক্ষাবিদ, খনিজ ও জ্বালানি বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ ড. রইসউদ্দিন আহমেদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ১৯৯২ সাল থেকে নরসিংদীর বেলাব উপজেলার চরকাশিমনগরে ‘ইন্টিগ্রেটেড ফার্মস ফর রুরাল ডেভেলপমেন্ট’ নামে একটি সমন্বিত খামার প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে উক্ত খামারের উপর বাংলাদেশ টেলিভিশন ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রচার করে এবং এই খামারটিকে মডেল হিসেবে ধরে তিনি ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তত্কালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘একটি বাড়ী একটি খামার’ প্রকল্পের ধারণা প্রদান করেন। যা পরবর্তীতে একটি জাতীয় প্রকল্প হিসেবে গৃহীত ও বাস্তবায়িত হতে থাকে। তিনি ‘ড. রইসউদ্দিন ফাউন্ডেশন’ নামে একটি জনসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেন। মানুষের প্রতি ভালবাসার কারণে বেলাব-মনোহরদী এলাকার জনগণের কাছে অধিক সুপরিচিত। আওয়ামী লীগকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি বেলাব-মনোহরদী এলাকায় বিভিন্ন সভা-সমাবেশ করে যাচ্ছেন। ড. রইসউদ্দিন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের প্রাকৃতিক সম্পদ ও জ্বালানি বিভাগে যোগদান করেন। সেখানে কর্মরত অবস্থায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পান। ১৯৭৩ সালের শেষ দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন এবং শহীদুল্লাহ হলের হাউজ টিউটর হিসেবেও নিয়োগ পান। ড. রইসউদ্দিন ১৯৪৮ সালে নরসিংদী জেলার বেলাব থানার চরকাশিমনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মোঃ ইদ্রিস আলী ও মা বেগম রহিমা আলী। বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঢাকার কুর্মিটোলায় অবস্থিত বিমান ঘাঁটিতে ব্রিটিশ রয়েল এয়ারফোর্সে চাকরিতে যোগ দেন।