গাইবান্ধার সাঘাটার কচুয়া ইউনিয়নের অনন্তপুরের দরিদ্র কৃষক আব্দুল কদ্দুছের কলেজ পড়ুয়া ছেলে আলী হোসেন। সে উঠানের ১৫ শতক জমিতে অসময়ের বেগুন চাষে ৬ হাজার টাকা ব্যয়ে গত ৮ মাসে আয় করেছে প্রায় ৫০ হাজার টাকা। তার এই সাফল্যে এলাকার অন্যদের অনুপ্রাণিত করেছে। আলী হোসেন জানায়, পিতার অভাব-অনটনের সংসারে কিছুটা সহযোগিতা দিতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। নিজেদের জমি নেই তাই প্রতিবেশীদের জমি বর্গা নিয়ে চাষ শুরু করেছেন। এভাবেই শিক্ষা এবং স্বাবলম্বী হওয়ার অদম্য আগ্রহের কারণে তিনি সম্প্রতি স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে কৃষি বিভাগের পরামর্শে বাড়ির উঠানের মাত্র ১৫ শতক জমিতে হাজারী পিংলা জাতের বেগুন চাষ করেন। এই জাতের বেগুন সাঘাটা উপজেলায় প্রথমবার চাষ। মার্চ মাসে প্রথম বেগুন উত্তোলন করে তা ৪০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। এখন দাম কমে যাওয়ায় ১০-১২ টাকা পাইকারী দরে ওই বেগুন বিক্রি করছেন।
