জেলা সদর কাফাটিয়া গ্রামে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে এক দম্পত্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার শহিদুল ইসলাম ধলুর (৪০) গলা কাটা লাশ এবং ঘরের আড়ার সাথে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা স্ত্রী হেনা আক্তারের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ধলুর পিতা জবেদ আলী জানান, সকালে ডাকাডাকি করলে ঘরের ভেতর থেকে কোন সাড়া না পেয়ে জানালায় উঁকি দিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। তিনি আরো জানান, দুই বছর আগে তার ছেলে প্রথম স্ত্রী মনোয়ারা বেগমকে রেখে হেনা আক্তারকে বিয়ে করে।
পুলিশ জানিয়েছে, হেনার ডান পায়ে রশি বাঁধা এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের এবং ধুলুর মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ভিতর থেকে বন্ধ করা ঘরে প্রবেশ করার অন্য কোন পথ দেখতে পাওয়া যায়নি।
সদর সার্কেল এএসপি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে হেনা। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
নিহত দুলুর পিতা জবেদ আলী হেনাকে আসামি করে এ ব্যাপারে থানায় মামলা করেছে।
