গৌরনদীর সেই ধর্ষক রাকিব আটক

আপডেট : ১৯ মে ২০১৯, ১৯:৫০

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের নগ্ন ছবি তুলে বিষয়টি কাউকে জানালে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল রাকিব সরদার নামের এক বখাটে। এমনকি ওই নগ্ন ছবি ধর্ষিতার স্বামীর কাছে প্রেরণের হুমকি দিয়েছিল সে। অবশেষে মামলা দায়েরের পর ধর্ষক রকিব সরদারকে দ্রুত আটক করেছে পুলিশ। রাকিব বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বেজহার গ্রামের শাহিন সরদারের বখাটে পুত্র।

গৌরনদী মডেল থানার এসআই তাজেল ইসলাম খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযুক্ত রাকিবকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, রবিবার সকালে আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

উল্লেখ, গত ৩০ এপ্রিল সকালে বখাটে রাকিব পশ্চিম বেজহার এলাকার এক প্রবাসীর ভাড়াটিয়া ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার (ধর্ষক রাকিবের) অজ্ঞাতনামা সহযোগীরা ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ধর্ষক রাকিব আপত্তিকর ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এরপর ওই ছবির ভয় দেখিয়ে তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা চালায় বখাটে রাকিব। এ সময় বিষয়টি রাকিবের বাবা-মাকে জানালেও তারা কোন কর্ণপাত না করে উল্টো ওই গৃহবধূকে শাসিয়ে দেয়।

আরও পড়ুন: রামুতে বজ্রপাতে শিশু ও কিশোরীসহ ৩ জন নিহত

অভিভাবকদের জানানোর ঘটনায় আরও ক্ষিপ্ত হয় বখাটে রাকিব সরদার। পরবর্তীতে গত ১৪মে ওই আপত্তিকর একাধিক ছবি তার প্রবাসী স্বামীর ইমো নাম্বারে প্রেরণ করে রাকিব। উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী ওই নারী গত ১৬মে ধর্ষক রাকিব সরদারসহ অজ্ঞাতনামা আরও ২/৩জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। এর দুইদিন পরই ধর্ষক রাকিবকে গ্রেফতার করে পুলিশ।

ইত্তেফাক/নূহু