ভূমি বিরোধ নিষ্পত্তি সংশোধন আইনের দাবি

রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির বিক্ষোভ

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:০০
জাতীয় সংসদে চলতি অধিবেশনে পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন পাস করার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। গতকাল রবিবার রাঙ্গামাটিতে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ বলেন, সংসদের চলতি অধিবেশনে পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন পাস করা না হলে তিন পার্বত্য জেলায় কঠোর আন্দোলন কর্মসূচি শুরু হবে। রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন জনসংহতি সমিতির শীর্ষ নেতা উষাতন তালুকদার, মঙ্গল কুমার চাকমা, উদয়ন ত্রিপুরা ও শুপ্রভা চাকমা প্রমুখ। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।