প্রধানমন্ত্রীর সঙ্গে জাপা নেতৃবৃন্দের বৈঠক

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩১
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল রবিবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফারুক খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ। অন্যদিকে জাপার প্রতিনিধি দলের সদস্য হিসেবে বৈঠকে প্রেসিডিয়াম কাজী জাফর আহমেদ, জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্রিগেডিয়ার (অব.) কাজী মাহমুদ হাসান, ফকির আশরাফ, অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএম ফয়সল চিশতি ও আবু হোসেন বাবলা অংশ নেন। শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেয়া ভাষণে আগামী নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দেন। ভাষণে প্রস্তাবিত নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য হিসেবে সংসদ সদস্যদের মধ্য থেকে নাম পাঠানোর জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান। পরদিন জাপার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব স্পষ্ট নয় বলে মন্তব্য করা হয়। এই প্রস্তাবের ৪৮ ঘণ্টা পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এরশাদের নেতৃত্বাধীন জাপার প্রতিনিধি দল। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে নেতৃবৃন্দ গণভবনে নৈশভোজে অংশ নেন।