টাঙ্গাইলে ৪৮ ঘন্টার ট্রাক ধর্মঘট আহ্বান

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৫
টাঙ্গাইলে আজ সোমবার থেকে ৪৮ ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি বালা মিয়াকে ডিবি পুলিশ মারধর করায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়। এসময় ট্রাক, ট্যাংক লরী, কাভার্ড ভ্যান, পিকআপ, মিনি ট্রাক চলাচলসহ সকল প্রকার সরকারি পণ্য পরিবহন বন্ধ থাকবে। এছাড়া রিকিউজিশন করা কোন গাড়ি তাদের কোন চালক পরিচালনা করবে না বলেও ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। ৪৮ ঘন্টার মধ্যে দোষী ডিবি পুলিশ সদস্যের বিচার দাবি করেছেন তারা। দাবি পূরণ না টাঙ্গাইলে অনির্দিষ্টকালের জন্য সকল পরিবহন বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন । গতকাল রবিবার দুপুরে সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মীর লুত্ফর রহমান লালজু, শ্রমিক নেতা উদয় লাল গৌড়, আব্দুস সোবহান, আইনজীবী চিত্ত রঞ্জন দাস নুপুর প্রমুখ। নেতারা অভিযোগ করেন, গত ৫ অক্টোবর শহর বাইপাসের ঘারিন্দায় ডিবি পুলিশের একটি দল তুচ্ছ ঘটনায় বালা মিয়াকে বেদম মারধর করে। এতে তার বাম হাত ভেঙে যায়।