সংসদের আসনের ভিত্তিতেই নির্বাচনকালীন মন্ত্রী পরিষদ হবে

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৭
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সংসদের আসনের ভিত্তিতেই নির্বাচনকালীন সরকারের মন্ত্রিপরিষদ গঠিত হবে। সভা-সমাবেশ নিষিদ্ধ বিষয়ে তিনি বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ করায় সংবিধান লংঘিত হয়নি। পুলিশ আইন-শৃংঙ্খলা রক্ষার্থে সভা-সমাবেশ নিষিদ্ধ করতেই পারে। গতকাল রবিবার দুপুরে পাবনায় নবগঠিত আমিনপুর থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জেলা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পরিকল্পনামন্ত্র্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার বলেন, দুর্নীতি এবং সন্ত্রাস দমনসহ সকল ক্ষেত্রে ব্যাপক সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় আগামীতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু, মকবুল হোসেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশের আইজি হাসান মাহমুদ খোন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।