চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ অক্টোবর ২০১৩, ২২:৩৭
কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীরা দিনদুপুরে মনজুর আলম (৪২) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে আরো দুই বিএনপি নেতা। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার পুর্ববড়ভেওলা ইউনিয়নের বেতুয়াবাজার সেতু এলাকায় ঘটেছে এ ঘটনা। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা হোসনে আরা বেগম নামের এক মহিলাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। নিহত মনজুর আলম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দিককুল পাড়া গ্রামের দলিলুর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে বিএনপি নেতাকে হত্যায় জড়িত সন্ত্রাসীদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলা ও পৌরসভা বিএনপি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানান, ওইদিন দুপুরে সাংগঠনিক সফর শেষ করে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একে জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি ও ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনজুর আলমসহ নেতাকর্মীরা ইউনিয়নের খিলছাদক হয়ে বেতুয়াবাজার দিয়ে বাড়ি ফেরার পথে ৮-১০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গতিরোধ করে। আহতরা জানান, স্থানীয় জসিম উদ্দিন, জমির উদ্দিন, মিলন, আওরঙ্গজেব ও হোসনে আরা বেগমের নেতৃত্বে সন্ত্রাসীরা ওইসময় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে কুপাতে থাকে বিএনপি নেতা মনজুর আলমকে। অবস্থা বেগতিক দেখে কয়েকজন পালিয়ে গেলেও সন্ত্রাসীদের কবল থেকে মনজুর আলমকে উদ্ধারে এগিয়ে যান অপর বিএনপি নেতা জিল্লুর রহমান (৪৪) ওসমান গনি (৪০)। ততক্ষণে সন্ত্রাসীরা বিএনপি নেতা মনজুর আলমকে কুপিয়ে জখম করলে তিনি মাটি লুটিয়ে পড়েন।