সিরিয়ার এক সেনা চৌকিতে গতকাল রবিবার আত্মঘাতী ট্রাকবোমা হামলায় কয়েকজন সেনাসহ কমপক্ষে ৪০জন নিহত হয়েছে। মধ্যাঞ্চলীয় শহর হামায় এই হামলা চালানো হয়। বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে এই বিস্ফোরণ ঘটায়। কেউ এই হামলার দায় স্বীকার করেনি। খবর বিবিসি ও এএফপির।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ‘হামার সঙ্গে সালামিয়েহ্র সংযোগকারী রাস্তার ওপর অবস্থিত একটি কৃষি যানবাহন কোম্পানির কাছে অবস্থিত চেকপয়েন্টটিতে এক ব্যক্তি বিস্ফোরক ভর্তি ট্রাকের বিস্ফোরণ ঘটায়। এতে সরকারি সৈন্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।’ হামলার পর নিকটবর্তী একটি পেট্রোল ট্যাংকারে আগুণ ধরে যায়। ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
