অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ছড়িয়ে পড়া দাবানলের কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুনে পুড়ে গেছে কয়েকশ’ বাড়িঘর। আরো অনেক বাড়ির ক্ষতি হয়েছে। গত ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এ দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক দল প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠা এবং প্রবল বাতাসের কারণে আগামী কয়েকদিনে পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশংকা করা হচ্ছে। গত কয়েকদিনে দাবানলের কারণে ৪০ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে গেছে। কর্মকর্তারা বলছেন, ১৫টি এলাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। সিডনির আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। খবর সিনহুয়া, রয়টার্স ও বাসসের।
রবিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ব্যারি ও ফ্যারেল। এসময় তিনি বলেন, এর মাধ্যমে জরুরি বিভাগগুলো পরিস্থিতি মোকাবেলায় আগামী ৩০ দিন বাড়তি কিছু ক্ষমতা ভোগ করবে। এরমধ্যে প্রয়োজনে গ্যাস ও বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা অন্যতম। আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আশা করছি ভালো কিছু হবে। বেশ কিছু এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দাবানলে সিডনির পশ্চিমাঞ্চলের দ্য ব্লু মাউন্টেন এলাকা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এখানে দাবানল অব্যাহত রয়েছে। যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। একটি প্রশিক্ষণ চলার সময় বিস্ফোরক দ্রব্য ব্যবহারের মাধ্যমে এই আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সেনাবাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।
গত বুধবার ব্লু মাউন্টেনস অঞ্চলের লিথগ্রো শহরের কাছে ওই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দাবানলের কারণে শত শত মানুষ গৃহহীন হয়েছে। এদিকে দাবানলের হাত থেকে ঘর রক্ষার সময়ে এক ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছে। আবহাওয়া দপ্তর উত্তপ্ত আবহাওয়ার ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে ফায়ার সার্ভিস কমিশনার শেন ফিজিমনস বলেন, পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বুধবার তা চরম মাত্রায় পৌঁছাতে পারে।
