কিশোরগঞ্জ তাড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সোমবার দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত রাসেল মিয়া (২৫), জুয়েল মিয়া (২৮) এবং জামাল মিয়াকে (৩২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার দিগদাইড় ইউনিয়নের নয়নসুখ গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা এনামুল হকের পক্ষ এবং একই গ্রামের বাসিন্দা জাপা নেতা দিগদাইড় ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টার বজলুর রশিদ এবং বিএনপি নেতা কামরুল ইসলামের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এদের মধ্যে পাল্টাপাল্টি একাধিক মামলাও বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপি নেতা কামরুল ইসলাম বলেন, ‘এনামুল পক্ষের লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করলে আমরা প্রতিরোধ করতে বাধ্য হই।’ তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল থেকে জানান, পুলিশ টহলে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
