ভাণ্ডারিয়ায় জেলেদের মানববন্ধন ও সমাবেশ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:১৯
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে জলদস্যুদের হামলা, অপহরণ ও মুক্তিপণের নামে চাঁদাবাজি বন্ধ ও ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসনের দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার ভুক্তভোগী জেলেরা মানববন্ধন ও সমাবেশ করেছে। বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন ও জাতীয় ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতির যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভাণ্ডারিয়ার বলেশ্বর ও কঁচা নদী তীরবর্তী জেলে পল্লীর চার শতাধিক জেলে ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান খান মো. রুস্তম আলীর সভাপতিত্বে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জাতীয় ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইশাহাক শরীফ, উপজেলা ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, জেলে সমিতির নেতা আবুল কালাম প্রমুখ।