স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারি কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সকল তথ্যের সুষ্ঠু ব্যবস্থাপনাকল্পে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদের কমিটি ব্যবস্থা যথাযথভাবে কার্যকর থাকলে সংসদ আরো বেশি কার্যকর হয়।
সংসদ জনগণের। জনগণ যাতে সংসদের কার্যক্রম সম্পর্কে জানতে পারে সে লক্ষ্যে গতকাল সোমবার জাতীয় সংসদের ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলোর জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) চালু করা হয়েছে। জাতীয় সংসদের শপথ কক্ষে প্রধান অতিথি হিসাবে স্পিকার এমআইএস’র উদ্বোধন করে এসব কথা বলেন।
স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ওভারসাইট (এসপিও) প্রকল্পের স্থাপিত এমআইএস’র মাধ্যমে সরকারি হিসাব কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি ও অনুমিত হিসাব কমিটি’র কার্যক্রম সম্পর্কে স্টেকহোল্ডাররা বিস্তারিত জানার সুযোগ পাবেন।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ ও সরকারি হিসাব কমিটি’র সভাপতি এম এ মান্নান। এছাড়া বক্তব্য রাখেন বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত, এসপিও প্রকল্পের জাতীয় কনসালটেন্ট এ আর আজিজুল হক রায়হান এবং এসপিও প্রকল্পের প্রকল্প পরিচালক এ এস এম মাহবুবুল আলম।
ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাত্
এদিকে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা ক্যাম্পোস দ্য নবরেগা সোমবার সাক্ষাত্ করেছেন।
