এমপি শাহ আলমের ন্যাম ভবনের ফ্ল্যাটে চুরি

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:২২
পিরোজপুর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমের ন্যাম ভবনের ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। এমপির দাবি তার ফ্ল্যাট থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় আট লাখ টাকার মালামাল খোয়া গেছে। ঈদের ছুটি শেষে সোমবার তিনি ফ্ল্যাটে পৌঁছে দেখেন তালা ভাঙা। পরে তিনি পুলিশকে খবর দেন। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাঁচ নম্বর ন্যাম ভবনের ছয় তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতের কোন এক সময়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলেও চুরির ব্যাপারে কেউ কিছুই জানাতে পারেননি। ঘটনার পর সিআইডির একটি দল ঘটনাস্থল থেকে আঙ্গুলের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। চুরির ব্যাপারে এমপি শাহ আলম জানান, আলমারিতে থাকা ৭/৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ চার লাখ টাকা খোয়া গেছে। তিনি অভিযোগ করেন, সংরক্ষিত এলাকায় এই চুরির ঘটনায় ওই ভবনের লিফটম্যান বা দারোয়ান জড়িত থাকতে পারে। বাইরে থেকে এসে কারো পক্ষে এভাবে চুরি করা সম্ভব নয় বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে শাহ আলমের ব্যক্তিগত সহকারী আবদুস সালাম সোমবার বাদী হয়ে মামলা করেছেন।