বন্ধ থাকা খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরি চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল সোমবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
গতকাল নগরীর রূপসায় ফ্যাক্টরির গেটের সামনে দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়ন এ কর্মসূচির ডাক দেয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি দিলখোশ মিয়া। এসময় বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাত, ন্যাপের কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল হালিম, ওয়ার্কার্স পার্টির নেতা শেখ মফিদুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, শ্রমিক ফেডারেশনের নেতা মনির আহমেদ প্রমুখ।
ইজারা নেয়া প্রতিষ্ঠান ভাইয়া গ্রুপ সরকার বা শ্রমিকদের সাথে কোন আলোচনা না করে ২০১০ সালে এর উত্পাদন ও ১৮ আগস্ট দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে সকল শ্রমিক-কর্মচারিদের পদচ্যুতি করেন। ২০১১ সালের নগরীর খালিশপুরের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাদা ম্যাচ ফ্যাক্টরি পুনঃ চালুর ঘোষণা দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি।
