সিরাজগঞ্জে বিএনপির আধাবেলা হরতাল আজ

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৩৮
জেলা বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি, পরিবারের সদস্যদের পুলিশি হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে আজ মঙ্গলবার জেলায় আধাবেলা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার হরতাল বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, গত রবিবার রাতভর জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় নেতাদের বাড়িতে না পেয়ে তাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হয়। এর প্রতিবাদে জেলা বিএনপির এক জরুরি সভা শেষে এই হরতাল আহ্বান করা হয়েছে। এ সময় তিনি আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সিরাজগঞ্জবাসীকে সর্বাত্মক হরতাল পালনের আহ্বান জানান। হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে বিএনপি কর্মীদের হামলা ও জেলা বিএনপির হরতালের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল সোমবার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের মুজিব সড়কস্থ জেলা মহিলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্যর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক ও জেলা আওয়ামী লীগ নেতা প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।