এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র নিজস্ব ক্যাম্পাস হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গতকাল সোমবার উত্তরা সংলগ্ন আশুলিয়ার বঙ্গবন্ধু সড়কে এই ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন। ১৫ একর জায়গায় সুন্দর পরিকল্পনা অনুযায়ী এই স্থায়ী ক্যাম্পাসটি তৈরি হবে। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি ও স্থানীয় এমপি আলহাজ্ব তালুকদার মো: তৌহিদ জং মুরাদ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী স্বল্প খরচে মানসম্পন্ন শিক্ষাদান এবং সুপরিসর ক্যাম্পাস নির্মাণে হাত দেওয়ার জন্য এশিয়ান ইউনিভার্সিটির প্রশংসা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বিশ্ববিদ্যালয়টির সার্বিক উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি গণমুখী মানসম্মত শিক্ষার এ বাতিঘরের মাধ্যমে আলোকিত সোনার বাংলাদেশ নির্মাণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
