কালের বিবর্তনে আধুনিক ডিজাইনের বিদেশি তৈজসপত্রে ছেয়ে গেছে দেশের বাজার। তবে চড়া দামে এসব পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই দেশের চাহিদা মেটাতে নীলফামারী জেলার সৈয়দপুরে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের প্রেসার কুকার কারখানা। দেশের চাহিদা মিটিয়ে এই প্রেসার কুকার বিদেশেও রপ্তানি হচ্ছে। জানা গেছে, উপজেলার বাস টার্মিনাল এলাকায় ২০০৯ সালে প্রতিষ্ঠিত ‘এস গোল্ডেন কুক অয়্যার ইন্ডাস্ট্রিজ’ নামে একটি প্রতিষ্ঠান তৈরি করছে প্রেসার কুকারসহ বিভিন্ন তৈজসপত্র। এক সময় বাইরে থেকে এক্সপার্ট এনে এখানে কাজ করানো হতো। এখন স্থানীয় কারিগররাই এসব তৈরি করছেন। বর্তমানে কারখানাটিতে তৈরি হচ্ছে উন্নতমানের নন-স্টিক প্রেসার কুকার, ফ্রাইপ্যান ও বিভিন্ন ধরনের হাঁড়ি-পাতিল। প্রতিষ্ঠানটির পরিচালক রাজকুমার পোদ্দার জানান, গ্যাস না থাকলেও বিদ্যুত্ নির্ভরশীল এই প্রতিষ্ঠানে কমপক্ষে ৪শ’ লোকের কর্মসংস্থান হয়েছে। তাদের তৈরি পণ্য ভারত, ভুটান ও মিয়ানমারে রপ্তানি হচ্ছে। তবে কাঁচামালের দুষ্প্রাপ্যতা, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, লোডশেডিং ও বাজার বিদেশি কোম্পানির দখলে থাকায় দেশিয় উদ্যোক্তাদের অসম প্রতিযোগিতায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে সরকারের কাছে সহায়তা দাবি করে তিনি বলেন, শুধু প্রেসার কুকার ইন্ডাস্ট্রিই নয়, সুযোগ-সুবিধা পেলে আরও নতুন নতুন কারখানা স্থাপনে এখানকার উদ্যোক্তাদের আগ্রহ রয়েছে।
জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ, গ্যাস সংযোগ ও ব্যাংক ঋণ সহযোগিতা পেলে কৃষিনির্ভর এই জেলায় আরো নতুন নতুন শিল্প-প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। আর এর মাধ্যমে হাজারও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।
