টাঙ্গাইলে ৪৮ ঘন্টার ট্রাক ধর্মঘট গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। জেলায় ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান, পিকআপ এবং কোন ধরনের মিনি ও ড্রাম ট্রাক গতকাল চলাচল করেনি। জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়াকে ডিবি পুলিশ মারধর করার প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে জড়িত পুলিশ সদস্যকে শাস্তির আওতায় না আনা হলে জেলায় সব ধরনের পরিবহন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন ট্রাক শ্রমিক নেতারা।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোবহান মিয়া জানান, অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি পূরণ না হলে পরবর্তীতে রিক্সা, ভ্যানসহ সব ধরনের পরিবহন টাঙ্গাইলে চলাচল বন্ধ রাখার মতো কর্মসূচি আসতে পারে।
জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি ও বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর লুত্ফর রহমান লালজু বলেন, বিষয়টি নিয়ে ফেডারেশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করা হবে। দাবি পূরণ না হলে পরবর্তীতে সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর বালা মিয়াকে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দায় ডিবি পুলিশের একটি দল একটি তুচ্ছ ঘটনায় বেদম মারধর করে।
