দুর্নীতি মামলায় কারাদণ্ড হওয়ায় ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের এমপি রশীদ মাসুদকে রাজ্যসভায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এখন থেকে তিনি আর রাজ্যসভার এমপি নন। প্রতারণা, দুর্নীতি, ষড়যন্ত্র এবং জালিয়াতির অভিযোগে গত মাসে ৬৬ বছর বয়সী এই নেতাকে দিল্লির বিশেষ আদালত ৪ বছরের কারাদন্ডে দন্ডিত করে।
ভারতের সুপ্রিম কোর্ট গত জুলাইয়ে এক রুলিংয়ে বলে, যদি আদালত কোনো পার্লামেন্ট সদস্যকে দুর্নীতির অপরাধে দোষী সাব্যস্ত এবং দুই বছরের বেশি মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করে তবে তিনি আর এমপি কিংবা সরকারি পদে থাকতে পারবেন না। সুপ্রিম কোর্টের এই আদেশের প্রথম শিকার হলেন রশীদ মাসুদ। নব্বইয়ের দশকে ভারতে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তিনি। তখন এমবিবিএসে ভর্তির আসন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন তিনি। বিপুল অঙ্কের ঘুষ নিয়ে কয়েকজন অযোগ্য ছাত্রকে ভর্তি করিয়ে দেন মাসুদ। এই নেতা বর্তমানে তিহার জেলে সাজা খাটছেন।
