চট্টগ্রামে রেলের জিএম মৃধার বিরুদ্ধে আরো ২ মামলায় হুলিয়া

আপডেট : ২১ অক্টোবর ২০১৩, ২২:৫০
টুল কিপার ও টিকেট ইস্যুয়ার পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় রেলের সাবেক পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত। গতকাল সোমবার দু’টি মামলার অভিযোগপত্র গ্রহণ শেষে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ এসএম মুজিবুর রহমান। দুই মামলায় ইউসুফ আলী মৃধা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর দুই রেল কর্মকর্তা হলেন ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যান্ত্রিক প্রকৌশলী হাফিজুর রহমান। টিকেট ইস্যুয়ার পদে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চার প্রার্থী আজিজুল হক, রবিউল ইসলাম, সাইফুর রহমান ও আশরাফুল ইসলাম এবং টুল কিপার পদে অবৈধভাবে নিয়োগ পাওয়া মো. শাহীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ নিয়ে মৃধার বিরুদ্ধে মোট ৫টি দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। রবিবার ফুয়েল চেকার এবং সহকারী কেমিস্ট পদে নিয়োগে অনিয়মের দু’টি মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত মৃধাসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ৬ অক্টোবর টিকেট চেকার পদে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির মামলায় মৃধাসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।