সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুস্তাক আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা নিজ নিজ সরকারের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। সন্ধ্যা ছয়টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু। এছাড়া প্রধানমন্ত্রীর দফতর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যান্য সংশ্লিষ্ট দফতর ও ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। অনুষ্ঠানের সঞ্চালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাসবাদ নির্মূলের তাত্পর্য ও গুরুত্ব অনুধাবন করে ভবিষ্যত্ সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি ও বৃদ্ধির জন্য সম্প্রতি বাংলাদেশ সরকারের মন্ত্রিসভা চুক্তি স্বাক্ষরের বিষয়টি অনুমোদন করে। তিনি আরও বলেন, এটা সন্ত্রাস দমনে সহযোগিতার একটি উদ্যোগ। এই উদ্যোগ আইনগত কোন বাধ্যবাধকতা সৃষ্টি করবে না। এ স্মারকটি অনুযায়ী সন্ত্রাস মোকাবেলায় উভয় দেশ যেসব বিষয়ে সহায়তা প্রদান করতে পারবে তা হচ্ছেঃ সন্ত্রাসবাদ প্রতিরোধে আধুনিক কলাকৌশল বিনিময়, উভয় দেশের আইন প্রয়োগকারী সংস্থাসমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, প্রশিক্ষণ কেন্দ্র ও ফরেনসিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধি। সম্মতিক্রমে আইনগত সহায়তা প্রদান, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধি এবং সম্মতিক্রমে সাইবার অপরাধ দমনে সহযোগিতা। তিনি আরো বলেন, বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী একটি আলোচিত বিষয়। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কোন দেশের সীমানায় আবদ্ধ নয়। কোন দেশের পক্ষে এককভাবে সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। এ বিষয়টি সামনে রেখে বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ইতিমধ্যে এ বিষয়ে কয়েকটি দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ জাতিসংঘ, সার্ক ও বিমসটেক কনভেনশনে স্বাক্ষরকারী দেশ।
