টুকুকে গ্রেফতারের প্রতিবাদ

টাঙ্গাইলে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল আজ

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৩
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতারের প্রতিবাদে আজ বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো। হরতাল সমর্থনে গতকাল মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মিছিলটি শহীদ স্মৃতিপৌর উদ্যান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ। ভূঞাপুর সংবাদদাতা জানান, টুকুকে আটকের ঘটনায় মঙ্গলবার ভূঞাপুর ও গোপালপুর উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। ঘাটাইল সংবাদদাতা জানান, হরতালের সমর্থনে মঙ্গলবার বিকালে ঘাটাইলে যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদল। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।