তারেকের সাক্ষাত্ পেতে লন্ডনে ছুটছেন মনোনয়ন প্রত্যাশীরা

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৪৭
দলীয় রাজনীতিতে নিজের অবস্থান ঠিক রাখতে সুনামগঞ্জের বিএনপি নেতারা ছুটছেন লন্ডনে। সবারই উদ্দেশ্য দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাত্ করে আগামী নির্বাচনে নিজের মনোনয়ন নিশ্চিত করা। দলের সাবেক এক এমপি ছাড়া জেলার বেশ কয়েকজন নেতা ইতিমধ্যেই লন্ডনে গিয়েছেন। তারা তারেক রহমানের সাথে সাক্ষাত্ শেষে নিজ নিজ এলাকায় ফিরে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন কিছু দিন আগে লন্ডন থেকে ফিরেই বেশে আঁটঘাট বেঁধে প্রচারণায় নেমে পড়েন। তিনি সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তিনি নিজ উপজেলা জামালগঞ্জে বড় শো-ডাউন করে নিজের প্রার্থিতা জানান দিয়েছেন। একই আসনে গত সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী জেলা বিএনপি’র সহ-সভাপতি ডা. রফিক চৌধুরীও লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। আরেক প্রার্থী তাহিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল কিছু দিন আগে তারেক রহমানের সাথে সাক্ষাত্ করে দেশে ফিরে নির্বাচনী প্রচারণা শুরু করেন। অবশ্য বর্তমানে তিনি একটি মামলায় জেল হাজতে আছেন। সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সৌদি আরব বিএনপি’র সাবেক সভাপতি জসিম উদ্দিন শামীম লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা না করলেও সৌদি আরবে ওমরা হজ্ব পালন করার সময় তার সঙ্গেই সার্বক্ষণিক ছিলেন। এই আসনে আরেক সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক এম কায়সর আহমদ বর্তমানে লন্ডনে তারেক রহমানের সবচেয়ে কাছের মানুষ বলে জানা গেছে। আরেক লন্ডন প্রবাসী ব্যারিস্টার আনোয়ার হোসেন এই আসনে বিএনপি’র প্রার্থী হতে তারেক রহমানের সাথে দেখা করে প্রার্থিতা নিশ্চিত করার চেষ্টা করছেন। সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপি’র সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছেন। তিনি দেশে ফিরেই নির্বাচনী গণসংযোগ বাড়িয়ে দিয়েছেন। এছাড়া এই আসনের আরেক সম্ভাব্য প্রার্থী জেলা কমিটির সহ-সভাপতি নাদীর আহমেদের ব্যাপারে তারেক রহমান নিজ থেকেই খোঁজ নিয়েছেন বলে যুক্তরাজ্য বিএনপি’র এক নেতা জানিয়েছেন। এছাড়া সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এবং জেলা কমিটির আরেক প্রভাবশালী নেতা তারেক রহমানের সঙ্গে দেখা করতে শিগগিরই লন্ডনে যাচ্ছেন বলে দলীয় একটি সূত্রে জানা গেছে।