নির্বাচনের বিরুদ্ধে কথা বললে প্রতিহত করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০১৩, ২২:৫৭
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। তাই নির্বাচনের বিরুদ্ধে যারা কথা বলবে রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। রাস্তা, সড়ক, রেলপথ বন্ধ করে উত্পাদনে বাধা দিলে সর্বাত্মক শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। গতকাল সোমবার দুপুরে কমলগঞ্জ থানার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, স্বৈরতন্ত্র কায়েমের জন্য মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়নি। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে নস্যাত্ করতে দেশে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা চলছে। মৌলভীবাজারের পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে ও জুড়ী থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম,এ, শহীদ এমপি, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভুঁইয়া।