দেশে ৬২টি ওষুধ কোম্পানির ওষুধ উত্পাদন ও বাজারজাত করার বিষয়ে কঠোর নজরদারি রাখাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রশাসনকে তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এ তাগিদ দেয়া হয়।
সংসদ সচিবালয় জানায়, ৬২টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করার বিষয়ে পুনর্গঠিত ৩ নম্বর সংসদীয় উপ-কমিটির তদন্তের প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কমিটিকে জানানো হয়, ৬২টি ওষুধ কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি পেনিসিলিন, সেফালোসেপারিন ও অন্যান্য এন্টিবায়োটিক, এস্টোরয়েড-এর মত ওষুধ ছাড়া অন্যসব ওষুধ তৈরি করতে পারে। অপর ৫৯টি কোম্পানির ওষুধের মান জীবনের জন্য হুমকি স্বরূপ হওয়ায় সে সব কোম্পানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিলো। এরপরও কোম্পানিগুলো তাদের উত্পাদিত ওষুধের মানের কোন উন্নতি করতে পারেনি। আর সে কারণে এসব কোম্পানির ওষুধ উত্পাদন ও বাজারজাত করার উপর কঠোর নজরদারি রাখা প্রয়োজন। কমিটি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওষুধ প্রশাসনকে জোর তাগিদ দিয়েছে।
