বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। অপরদিকে পানি কমতে থাকায় রুদ্রমূর্তি ধারণ করছে যমুনা। ভাঙ্গন আতংকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিজকর্ণিবাড়ী ও ধলিরকান্দির লোকজন পার্শ্ববর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিচ্ছে। এছাড়াও ধলিকান্দির চর লক্ষ্মীকোলা সরকারি প্রাইমারি স্কুল অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।
এলাকাবাসি জানান, দু’-এক দিনের মধ্যেই ভেঙ্গে পড়তে পারে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এছাড়াও চন্দনবাইশা, রৌহাদহ, কামালপুর, ইছামারা গ্রামেও ব্যাপক ভাঙ্গন দেখা দিলেও পাউবো এখনো কোন ব্যবস্থা নেয়নি। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম সরকার জানান, ভাঙ্গনরোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেয়া হবে ।
