জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোরনা-ভূতগাড়ী সড়কের বেহাল দশায় ১০ গ্রামের চলাচলকারী প্রায় ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সড়কের সংস্কার কাজ না করায় পিচ ও ইটের খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরো নাজুক হয়ে পড়ে। যান চলাচল অযোগ্য হয়ে পড়ায় শিক্ষার্থীসহ যাত্রী ও পথচারীদের বেড়েছে দুর্ভোগ। এলাকাবাসী একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও সড়কটি সংস্কার হয়নি। গ্রামবাসী ও শিক্ষার্থীরা বলেন, গোরনা-ভূতগাড়ী সড়কটি যেন মরণ ফাঁদ। দীর্ঘদিনেও সড়কটির সংস্কার হয়নি। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে ভুক্তভোগীরা জানান। এ বিষয়ে স্থানীয় আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ বলেন, সড়কের ব্যাপারে এলজিইডিকে জানিয়েছি। সরকারি বরাদ্দ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না।
