পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের ৩০ কর্মীর বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বাদ দিয়ে তার পরিবর্তে গুন্ডামির অভিযোগ আনা হয়েছে বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছে। নতুন অভিযোগের সর্বোচ্চ শাস্তি সাত বছর থেকে ১৫ বছর কারাদণ্ড। গ্রিনপিস বলেছে, এটা এখনো ‘অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ’। রাশিয়ার মুখ্য তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান ভ্লাদিমির মারকিন রাশিয়ান সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, অভিযোগগুলো পুনরায় শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। গ্রিনপিস রাশিয়ার ভ্লাদিমির চুপরভ বলেছেন, বিষয়টি জলদস্যুতা কিংবা গুন্ডামি— কোনোটাই ছিল না। প্রসঙ্গত, গ্রিনপিসের কর্মীরা উত্তর মেরুর সাগরে রাশিয়ার একটি তেল প্লাটফর্মে আরোহণ করলে রাশিয়ান বাহিনী তাদের আর্কটিক সানরাইজ নামে জাহাজটি আটক করে। সেই সময় জাহাজে থাকা ৩০ ব্যক্তিকেও আটক করা হয়। এদের মধ্যে দু’জন ফ্রিল্যান্স সাংবাদিক রয়েছেন। এখন পর্যন্ত আটককৃত ব্যক্তিদের সবগুলো জামিন আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
গত সপ্তাহে নোবেল বিজয়ী ১১ ব্যক্তি গ্রিনপিস কর্মীদের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ বাদ দেয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে চিঠি দেন। কিন্তু পুটিনের প্রেস সচিব জানান, আদালতকে প্রভাবিত করার ক্ষমতা প্রেসিডেন্টের নাই। উল্লেখ্য, গতমাসে পুটিন বলেছিলেন, গ্রিনপিসের কর্মীরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, কিন্তু এটা ‘পুরোপুরিভাবে প্রমাণিত যে, তারা অবশ্যই জলদস্যু না’।
