প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে খারাপ এবং ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে নারী এবং শিশু। এসময় সবচেয়ে বেশি হুমকির মুখোমুখি হয় কিশোরীরা। নারী ও কিশোরীদের প্রতি বৈষম্যমূলক মনোভাবই এর জন্যে দায়ী। তাই বাংলাদেশের মত ঘনবসতিপূর্ণ দেশে দুর্যোগ প্রস্তুতি এবং মোকাবেলায় কিশোরীদের অধিকার ও চাহিদার প্রতি নজর দেয়া বিশেষ প্রয়োজন।
বুধবার প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ‘বিশ্বের মেয়ে শিশুর অবস্থান ২০১৩’-প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। প্রতিবেদনটির মাধ্যমে প্ল্যান দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগোত্তর পরিস্থিতিতে কিশোরীদের চাহিদার প্রতি বিশেষ করে কিশোরী যৌন ও প্রজনন স্বাস্থ্য চাহিদা বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হয়। অনুষ্ঠানে পিআইবি ‘কিশোরী ও জলবায়ু পরিবর্তন’ এবং ‘দুর্যোগকালীন কিশোরীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের হুমকি’ শীর্ষক দুটি গবেষণাপত্র উপস্থাপন করে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এলেনা আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, বিশেষ অতিথি ছিলেন ডিরেক্টরেট জেনারেল ফর হিউম্যানিট্যারিয়্যান এইড এন্ড সিভিল প্রটেকশান-(ইসিএইচও) এর হেড অব অফিস অলিভার ব্রুয়েন্ট, ডিরেক্টরেট জেনারেল ফর হিউম্যানিট্যারিয়্যান এইড এন্ড সিভিল প্রটেকশান-(ইসিএইচও) এর টেকনিক্যাল এসিসট্যান্ট মিশেল সিসিক, এক্সট্রিম প্রভার্টি টীম এর দল প্রধান গ্রাহাম গাস, সুইডেন এম্বেসির ডেপুটি হেড অব মিশন ক্যারিন রোহলিন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) প্রকল্পের পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
