আমি এসি বিলাসী নই, মশার কামড় খাওয়া নেতা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩১
ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী মশার কামড় খেয়ে নেতা হয়েছেন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অনেকে রাজনৈতিক নেতার এসি ছাড়া চলেই না। তারা জনগণের কাছাকাছি যেতে চান না। বিদুত্ সংযোগ কিংবা এসি সুবিধা নেই জানতে পারলে সেই সমস্ত এলাকায় তারা সফর করেন না। এজাতীয় রাজনীতিকরা গরীবের বন্ধু হতে পারে না বলে তিনি উল্লেখ করেছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশে এক নির্বাচনী প্রচারণা জনসভায় রাহুল এসব কথা বলেন। তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, তাদের নেতারা ভোট চাইতে গিয়ে নিজেদের ‘গরীবের বন্ধু’ বলে জাহির করছেন। কিন্তু এগুলো ভোট আদায়ের জন্য মিথ্যাচার। নিজেদের কষ্ট হবে বলে তারা জনগণের কাছে গিয়ে তাদের সমস্যা দেখে না। তাই তাদের পক্ষে সেগুলো সমাধান করাও সম্ভব নয়। রাহুল বলেন, ২০০৯ সালে মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি সেখানকার গরীব মানুষের মতো খোলা পানি পান করেছিলেন। পরিণতিতে তীব্র পেটের পীড়ায় আন্ত্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মশারি ছাড়াই দলের অন্যান্য সাধারণ কর্মীদের সাথে কোনো একটি বাড়ির বারান্দায় শুয়ে রাত কাটিয়েছিলেন। যারা কষ্ট করে রাজনীতিবিদ হয় না, তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না বলে তিনি উল্লেখ করেন। -টাইমস অব ইন্ডিয়া