বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছেন, কারো ওপর আক্রমণের জন্য নয়, বরং লগি-বৈঠা বাহিনীর আক্রমণ থেকে আত্মরক্ষার্থেই ‘দা-কুড়াল’ নিয়ে প্রস্তুত থাকার কথা বলেছি। গতকাল বৃহস্পতিবার ইত্তেফাকের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
২০০৬ সালের পটভূমিতে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বলেন, নৌকা মার্কার সমর্থকরা যদি এবারও নদী কিংবা খালে-বিলে নৌকা রেখে লগি-বৈঠা নিয়ে ঢাকায় এসে রাজপথে পিটিয়ে মানুষ খুন করার চেষ্টা করে। তাহলে ধানের শীষের সমর্থকরাও যেন আত্মরক্ষার জন্য নিজেদের জীবন সংগ্রামের নিত্যসঙ্গী কাস্তে, দা, কুড়াল কিংবা টেঁটা-বল্লম নিয়ে প্রস্তুত থাকে। কারো ওপর আক্রমণ করার জন্য এটা বলিনি।
নগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা আরো বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হয়, বিরোধী দলের নেতা-কর্মীদের জীবনের বিনিময়ে হলেও সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়।
‘আন্দোলনের কর্মসূচি দিয়ে নিজেই আত্মগোপনে’ এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মোটেই আত্মগোপন নয়, কৌশলগত অবস্থান। প্রকাশ্যে সমাবেশে অংশ না নিলেও আন্দোলন-সংগ্রামের সব রকম সাংগঠনিক ও প্রস্তুতিমূলক কাজের নেতৃত্ব সর্বাত্মকভাবেই দিচ্ছি।
