পথে-ঘাটে

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২২:৩১
‘দেশের অবস্থা ভাল না। একেবারেই ঘর থেকে বের হবে না।’ টেলিফোনে অন্য প্রান্তে কাউকে নির্দেশ দিলেন মাঝবয়সী একজন। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিমপাশ ঘেঁষে বসে থাকা লোকটি আবার কানে ফোন ধরলেন। ‘তাড়াতাড়ি চলে আসো। রাস্তা একেবারেই ফাঁকা। অঘোষিত হরতাল চলছে দেশে। অনির্দিষ্টকালের হরতাল। একদম সময় লাগবে না। আমরা অপেক্ষা করছি তোমার জন্য।’ পাশে বসে ছিলেন একজন তরুণ। হাতে তার হলুদ বাঁটওয়ালা ছোট্ট কাঁচি। আলোচনায় যোগ দিয়ে তিনি বললেন, কিছুই হয়নি। অথচ কি যেন একটা হয়ে গেছে। -হ্যাঁ তাই, দেখলাম হরতালের মতই মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় নামলেই মনের মধ্যে একটা অন্যরকম ভয় ভয় করছে। শহর জুড়েই থমথমে অবস্থা। এই বুঝি কিছু হবে, এই বুঝি কিছু হবে। -ভাই আমার এক পরিচিতজন অফিসের কাজে ঢাকায় এসেছে। অফিস থেকেই তাকে তাড়াতাড়ি বের করে দিয়েছে। মালিক নাকি বলেছে, ‘হোটেলে থাকবেন না। রাতে কিন্তু হোটেল থেকে ধরে নিয়ে যাবে। আর যদি ধরে তবে ছাড়াতে পারবো না।’ কাজ ফেলে তাড়াতাড়ি সে ঢাকা ছেড়েছে। -ঝুঁকি আছে না। এই ঝুঁকির জন্য ঘর থেকে কেউ বের হচ্ছে না। আর যারা বাইরে আছে তারা বাড়ি ফিরছে। -পুলিশের হাঁটাচলা আর ফাঁকা রাস্তা দেখেই মনে ভয় ঢুকে গেছে। -বিএনপি মারামারি করবে না। তবে জামায়াত আছে না। বিএনপি মারামারি করতে না চাইলেও জামায়াত ছাড়বে না। -ঐ ক্যাটাগরির লোক কম আছে। মাথা নিচু করে বললেন তরুণ। বাম হাতের তালুতে কাঁচি দিয়ে কিছু একটা করছেন। -বিএনপি সমাবেশ করতে গিয়ে যদি শাপলা চত্বরের মত গেড়ে বসে? পঁচিশ তারিখ তো শেষ। এখন যদি আল্টিমেটাম দিয়ে বিএনপি রাজপথ না ছাড়ে? সমাবেশ তো একটা তারা করবেই। লোক আনতে পারবে না। তবু করবে। আর লোক আনতে না পেরে বলবে সরকার আনতে দেয়নি। -হেফাজতের মত গেড়ে বসবে বিএনপি? নাহ! সেই কর্মী আছে নাকি? সব পালাইছে। -বিএনপি সেটা করবে না। সমাবেশ শেষে বাড়ি ফিরে যাবে। -বিএনপির মধ্যে কোন মিল আছে নাকি? ভয়ে সব পালিয়েছে। -সামান্য বিজিবি নামার ভয়েই সব পালিয়েছে। আর আর্মি নামলে কাউকে খুঁজেও পাওয়া যাবে না। -একজন লন্ডন। একজন দেশীয় অস্ত্রের কথা বলে লাপাত্তা। -সময়মত আবার সবাই বের হবে। -কোন কাজ হবে না সেই বের হওয়াতে। -আরে বিএনপি সংসদে গেল তো। সংসদে গেল মানেই কিছু একটা আছে। একটা সমঝোতার আভাসতো ওখানেই পাওয়া যাচ্ছে। কালও যদি সংসদে যায় তাহলে বুঝতে হবে কোন সমস্যা নেই। অন্তত নভেম্বর পর্যন্ত মেনে নিয়েই বিএনপি চুপ থাকবে। আরো পরে ওদের অবস্থান পরিষ্কার হবে।