শেরপুরে ডিবি পুলিশ জাল সার্টিফিকেট তৈরির সন্ধান পেয়েছে। গত বুধবার বিকালে ‘সুজা কম্পিউটার্সে অভিযান চালিয়ে দোকান মালিক সুজা উদদ্দৌলা সুজাকে আটক করে। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড, ব¬্যাংক রেজিস্ট্রেশন কার্ড, নকল ভোটার আইডি কার্ডসহ বিপুল পরিমাণ সার্টিফিকেট তৈরির কাগজ, কম্পিউটার, জাল সার্টিফিকেট তৈরির প্রিন্টার, প্রিন্টারের কালি, ফটোকপিয়ার, স্পাইরাল মেশিন, লেমিনেটিং মেশিন ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে ডিবি পুলিশ সুজা কম্পিউটারে অভিযান চালায়। শেরপুরের সুলতানপুর গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে সুজা কম্পিউটারের স্বত্বাধিকারী সুজা উদদ্দৌলা। সুজা কম্পিউটার কম্পোজের ব্যবসার আড়ালে দীর্ঘদিন জাল সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড তৈরি ও বিক্রি করে আসছিল।
ডিবি’র ওসি মো. নজরুল ইসলাম বলেন, প্রায় এক বছর আগে জাল সার্টিফিকেট তৈরি করতে গিয়ে ওই দোকানের কর্মচারী রশিদ পুলিশের কাছে ধরা পড়ে। এরপর কিছ দিন এ অবৈধ কার্যক্রম বন্ধ থাকলেও সে আবার নতুন করে নকল সার্টিফিকেট ও ভোটার আইডি কার্ড তৈরির ব্যবসা শুরু করে।
