যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায় বিএনপি

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৫১
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম ওসমান বলেছেন, বিরোধী দলীয় নেতা একবার বলছেন ২৫ অক্টোবর থেকে এ সরকার অবৈধ। আবার বলছেন বল এখন সরকারের কোর্টে। তিনি এক মুখে দুই কথা বলছেন। আসলে এটা তার দোষ নয়। দোষ তার উপদেষ্টাদের। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মসজিদের সামনে জেলা আওয়ামী লীগ আয়োজিত জামায়াত- শিবিরের নৈরাজ্যের প্রতিবাদ শীর্ষক এক জনসভায় তিনি এ কথা বলেন। শামীম ওসমান আরো বলেন, এখন বিএনপি যে খেলা খেলছে তা নির্বাচনের খেলা নয়। মূল খেলা হচ্ছে নির্বাচন বাধা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা। সমাবেশে মিছিলে অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম সাগর প্রমুখ।