আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেছেন, সামনে নির্বাচন। পরিস্থিতি ঘোলাটে করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করবেন না। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। সংলাপ ও নির্বাচনী পরিবেশ নষ্ট হয় এমন উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকুন।
গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের পক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, অনেকে বলেছিল ২৫ অক্টোবরের পরে দেশ অচল হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে, সরকার উত্খাত হবে কিন্তু কিছুই তো হলো না। দেশ সাংবিধানিকভাবেই চলছে এবং আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। সংবিধান অনুযায়ী যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রস্তাব দেয়ার জন্য বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি কার্যপ্রণালী বিধি অনুযায়ী দিন। আপনাদের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। শেষ মুহূর্তে এসে ১৮ দলকে সমাবেশের অনুমতি সরকারের দুর্বলতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, তারা (১৮ দল) শান্তিপূর্ণ সমাবেশ করবে এমন নিশ্চয়তা দেয়ার পরেই তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এটা সরকারের দুর্বলতা নয়, উদারতা।
এ সময় অন্যান্যের মধ্যে গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, ন্যাপের সাধারণ সম্পাদক এনামুল হক, গণতন্ত্রী পার্টির নেতা শহিদুল্লাহ শিকদার, আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য একেএম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
