এমপি শাহিদার বাসায় ককটেল নিক্ষেপ, আহত ১

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২২
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের (উত্তর) সাধারণ সম্পাদক শাহিদা তারেক দিপ্তীর বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তার বাসার পিয়ন মো. ঈমান আলী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার পল্লবীর ৩৪/৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। এমপি’র ব্যক্তিগত সহকারি মাসুম বিল্লাহ জানান, দুর্বৃত্তরা রাতে ৩টি ককটেল এমপি’র বাসা লক্ষ্য করে নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ জানান, আতংক ছড়ানোর জন্যই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত পূর্বক দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। এদিকে একই দিন রাত ৮টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা পশ্চিম থানা লক্ষ্য করে কে বা কারা ২টি ককটেল নিক্ষেপ করে। ককটেল দুইটি থানা ভবনের দেয়ালে লেগে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়।