বড় দুই দলের হাতে দেশকে জিম্মি হতে দেয়া যায় না

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২১:২৩
বিএনপিকে জামায়াত ছাড়তে এবং আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ছাড় দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বৃহস্পতিবার রাজধানীতে মুক্তি ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা, চলমান রাজনৈতিক সংকট এবং সংলাপ-সমঝোতা বিষয়ে বক্তব্য তুলে ধরতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সিপিবি ও বাসদ। সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশকে বড় দুইটি দলের খামখেয়ালীর হাতে জিম্মি হয়ে থাকতে দেয়া যায় না। দেশের স্বার্থে বিএনপিকে জামায়াতের সংশ্রব ত্যাগ করতে এবং আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ছাড় দিতে হবে। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, দেশকে রাজনৈতিক সঙ্কটে ও নৈরাজ্য-সংঘাতে নিপতিত রেখে জনগণের অন্যান্য গুরুত্বপূর্ণ স্বার্থের বিষয়গুলো আড়াল করার চেষ্টা চলছে। এ সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকতে হবে। সাংবাদিক সম্মেলনে ২৬ অক্টোবর সিপিবি-বাসদ আহূত সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের কর্মসূচি স্থগিত এবং জাতীয় সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ২৬ অক্টোবর দেশের সর্বত্র সভা-সমাবেশ, মিছিলের মাধ্যমে ‘প্রতিবাদ দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়া ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঝটিকা সফরের মাধ্যমে গণঅভিযান সপ্তাহ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, রুহিন হোসেন প্রিন্স।